Ridge Bangla

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতের দিকে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে হাসান মাসুদ মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, “হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। পাশাপাশি তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে।”

হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। মাত্র ৭ বছরের ক্যাপ্টেন পদে থাকা অবস্থায় ১৯৯২ সালে তিনি সেনা থেকে অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন এবং ২০০৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৮ পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কর্মরত ছিলেন।

সাংবাদিকতা ত্যাগের পর তিনি বিনোদন অঙ্গনে প্রবেশ করেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমা ও বিভিন্ন টেলিভিশন নাটকে কাজ করেন।

হাসান মাসুদের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ এবং ‘প্রভাতী সবুজ সংঘ’।

পরিবার ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার স্বাস্থ্য অবস্থার উপর নিরবচ্ছিন্ন নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলবে।

This post was viewed: 45

আরো পড়ুন