র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। নিরাপত্তাজনিত কারণে এ সাক্ষীর পরিচয় গোপন রাখা হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে।
এর আগে গত ৩ জুন সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর তা স্থগিত করা হয়।
মামলাটিতে চলতি বছরের ২১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ইতোমধ্যে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানসহ চারজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন।
মামলার ১৭ আসামির মধ্যে বর্তমানে ১০ জন গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন। তাদের মধ্যে সাবেক র্যাব ও সামরিক কর্মকর্তারা রয়েছেন।
অন্যদিকে শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদসহ সাতজন এখনো পলাতক রয়েছেন।