বিগত সরকারের সময় সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগে দেশজুড়ে ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এসব মামলার মধ্যে ৭৯৯টি হত্যা এবং বাকি ১ হাজার ৫৬টি অন্যান্য অভিযোগে করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য তুলে ধরেন। প্রশ্নটি উত্থাপন করেন কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
সরকারি তথ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দায়ের করা এ মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ১৫৮টির তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪৮টি হত্যা মামলার পাশাপাশি অন্যান্য কারণে হওয়া আরও ১১০টি মামলা রয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম চলমান।
অন্যদিকে, অবশিষ্ট ১ হাজার ৬৯৭টি মামলা এখনও তদন্তাধীন। মন্ত্রী জানান, বিপুল সংখ্যক মামলা তদন্ত একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।