ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। এ লক্ষ্যে সংস্থাটি একটি বিশেষ সাইবার সেল গঠন করেছে, যা অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) এনসিএসএ জানায়, এই সেল ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত, যাচাই-বাছাই ও সত্যতা নিশ্চিতের কাজ করবে। পাশাপাশি সংস্থাটি প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বিটিআরসি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবে।
সাধারণ নাগরিকদের উদ্দেশে এনসিএসএ পরামর্শ দিয়েছে কোনো তথ্য বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে তার উৎস যাচাই করতে হবে। সন্দেহজনক, উস্কানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে এনসিএসএকে জানাতে অনুরোধ করা হয়েছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুয়া তথ্য, ফটোকার্ড বা ভিডিও প্রচার থেকে বিরত থাকতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।
জনগণের দ্রুত সহায়তায় এনসিএসএ ২৪ ঘণ্টা চালু একটি হেলপলাইন সেবা ও চারটি পৃথক ই-মেইল ঠিকানা চালু করেছে। এর মধ্যে—অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ: report_betting@ncsa.gov.bd, ভুয়া তথ্য বা গুজব: report_misinfo@ncsa.gov.bd, ফেইক প্রোফাইল বা অনলাইন হয়রানি: report_harassment@ncsa.gov.bd, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে হামলার অভিযোগ: report_cii@ncsa.gov.bd
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং দায়িত্বশীল অনলাইন পরিবেশ গড়ে তুলতে নাগরিকদের সহযোগিতা কামনা করেছে এনসিএসএ।