Ridge Bangla

গুজব ও অপতথ্য দমনে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য, মানহানিকর প্রচারণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন বিধান যুক্ত করে আইনকে আরও কার্যকর করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় তিনি বলেন, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্ষতিকর ও আপত্তিকর কনটেন্ট অপসারণে বাধ্য করার বিধান নতুন আইনে অন্তর্ভুক্ত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান আইনে গুজব, অপতথ্য ও মানহানিকর কনটেন্টের সংজ্ঞা আরও স্পষ্ট করা হবে। পাশাপাশি এ ধরনের কনটেন্ট তৈরি, প্রকাশ ও প্রচারের বিরুদ্ধে নতুন শাস্তির বিধান যুক্ত করার বিষয়েও কাজ চলছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্ব, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সাইবার স্পেসের সংজ্ঞা পুনর্নির্ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও কার্যকরভাবে আইনের আওতায় আনা প্রয়োজন।

মন্ত্রী আরও জানান, নতুন সংশোধনের মাধ্যমে বিটিআরসি, সাইবার সুরক্ষা সংস্থা এবং অন্যান্য ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠানকে আপত্তিকর কনটেন্ট অপসারণ, ব্লক বা নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করার ব্যবস্থাও রাখা হবে।

This post was viewed: 4

আরো পড়ুন