Skip to main content

Ridge Bangla

গামছা পরে রাস্তার পাশে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, যা বললেন অভিনেতা সমু চৌধুরী

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে গামছা পরে খালি গায়ে রাস্তার পাশে একটি গাছের নিচে শুয়ে থাকতে দেখা যায়। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের কাছে।

ভিডিও এবং ছবিগুলো মুহূর্তেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়লে সমু চৌধুরীর ভক্তরা বিস্মিত হন এবং অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার খোঁজ নেয়।

ঘটনার বিষয়ে সমু চৌধুরী জানান, “আমি ওই সময় এক কাপড়ে ছিলাম। কাপড় ধুয়ে দেওয়ার পর আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না। তাই গামছা নিয়ে বটগাছের নিচে শুয়ে ছিলাম। এরপর দেখি সারা দেশে ওই ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।”

তিনি আরও বলেন, “পুলিশ আমাকে ঢাকায় পাঠাতে চেয়েছিল, কিন্তু আমার সঙ্গে কথা বলার পর তারা বুঝেছে যে আমি ঠিক আছি।” এই সময় তিনি তার প্রতি যারা ভালোবাসা দেখিয়েছেন ও খোঁজ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, “সমুকে নিরাপদে নেওয়ার জন্য আমরা থানা পুলিশের সঙ্গে সমন্বয় করেছি।”

উল্লেখ্য, সমু চৌধুরী ১৯৯০ সালে বিটিভিতে ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন এবং ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ চলচ্চিত্রে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বর্তমানে তিনি নিয়মিত অভিনয় করছেন।

This post was viewed: 47

আরো পড়ুন