সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৩ জুলাই) স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো পৃথক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
চিঠিতে উল্লেখ করা হয়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর দলীয়ভাবে তদন্ত পরিচালনা করা হয়। ওই তদন্তে তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে।
এ প্রেক্ষাপটে দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, গত ২২ জুলাই জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।