গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, গাজীপুর মহানগরের বিচারক মো. আবু বক্কর সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী মোছাম্মৎ সেলিনা বেগম, আসামিপক্ষের আইনজীবী মো. সোহেল জামিল সরকারসহ সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী মোছাম্মৎ সেলিনা বেগম জানান, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পুরাতন দোহারো খুলুমবাড়ি এলাকার বাসিন্দা মজিবুর রহমান মোল্লার ছেলে মো. রিপন হোসেন স্ত্রী মোসা. জোসনা বেগম (৩৯) ও ১৫ বছর বয়সী মেয়েকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন মাধবপুরের বরিশালের টেক এলাকায় বসবাস করতেন।
তিনি জানান, গত বছরের ২৬ মার্চ রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরে ওই রাতেই মো. রিপন হোসেন জোরপূর্বক নিজের মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগীর মা জোসনা বেগম কাশিমপুর থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
মামলার তদন্ত শেষে কাশিমপুর থানার উপপরিদর্শক রোকন মিয়া গত ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত গত ১১ মে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ গঠনের দুই মাসের মধ্যেই আদালত রায় ঘোষণা করেন।
রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী মো. সোহেল জামিল সরকার বলেন, “বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে আমি এ রায়ে সংক্ষুব্ধ।”