Ridge Bangla

গাজীপুরে ঘোড়া জবাই চক্রের আস্তানা উন্মোচন, মাংসসহ উদ্ধার ৩৭ ঘোড়া

গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকায় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ অভিযানে জবাইকৃত ঘোড়ার মাংসসহ ৩৭টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, অভিযানের খবর পেয়ে আগেভাগেই ঘোড়া জবাই চক্রের সদস্যরা নিরাপদে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ঘোড়া ও মাংস স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে ঘোড়া ও মাংস হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন হারুন-রোমান বলেছেন, উদ্ধার করা ঘোড়াগুলোর বেশিরভাগই অসুস্থ। পরীক্ষায় জব্দকৃত মাংসে বিষাক্ত উপাদানের নমুনা পাওয়া গেছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর।

তিনি সবাইকে এ ধরনের মাংস ক্রয় বা ভক্ষণ না করার পরামর্শ দেন। এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

This post was viewed: 39

আরো পড়ুন