Ridge Bangla

গাজীপুরে এক সপ্তাহে ১১ খুন, জনমনে ছড়াচ্ছে আতঙ্ক

গাজীপুরে গত এক সপ্তাহে একই পরিবারের পাঁচজনসহ মোট ১১ জনকে হত্যা করা হয়েছে। ধারাবাহিক এসব হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলো তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।

৮ মে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে শারমিন খানম, তাঁর তিন কন্যা ও ছোট ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় শারমিনের স্বামী ফোরকানকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ।

এর পরদিন শিশু ধর্ষণের অভিযোগে সালিসে ডেকে নিয়ে বিএনপির এক নেতাকে মারধর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

১০ মে কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

এ ছাড়া গাছা ও রাজাবাড়ি এলাকায় দুই অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের একজনকে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রায় প্রতিদিন হত্যার খবর আসায় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্তানদের বাইরে পাঠাতেও ভয় পাচ্ছেন অনেকে।

শিক্ষাবিদ ও সচেতন নাগরিকেরা বলছেন, আইনের প্রতি আস্থাহীনতা, সামাজিক অবক্ষয় ও মাদকের বিস্তার এমন অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, প্রতিটি হত্যাকাণ্ড গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

This post was viewed: 6

আরো পড়ুন