ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার (১৮ জুলাই) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় একটি জানাজাকে লক্ষ্য করে চালানো হামলায় ৮ জনের প্রাণহানি ঘটে। শনিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আল-বালাতা বাজার এলাকায় দিনের শুরুতে পৃথক এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজা অনুষ্ঠিত হওয়ার অপেক্ষায় আহমদ ইয়াসিন মসজিদের বাইরে মুসল্লিরা জড়ো হয়েছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে ৮ জন নিহত হন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, মধ্য গাজায় একটি সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, এ হামলায় কয়েকজন নিরীহ ব্যক্তি আহত হওয়ার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তারা অবগত রয়েছে। হামলার ফলাফল বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।