Skip to main content

Ridge Bangla

গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ছাড়াল ৫৬ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে প্রাণহানির সংখ্যা ছাড়িয়ে গেছে ৫৬ হাজার। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিহত হয়েছেন আরও অন্তত ৫১ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১০৪ জন। নিহতদের মধ্যে ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত মানুষও রয়েছেন।

সোমবার (২৩ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু জানায়, এ নিয়ে চলমান ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৯৫৯ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৪২ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, বহু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে অথবা রাস্তায় পড়ে আছে, যেগুলোর কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরু হয়। জানুয়ারিতে একবার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চেষ্টা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও বড় আকারে সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে আরও ৫ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১৯ হাজার ২০১ জন আহত হয়েছেন।

বর্তমানে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ। চরম খাদ্য, পানি ও ওষুধের সংকটের পাশাপাশি নিরাপদ আশ্রয়ের অভাব বহু মানুষকে বিপর্যস্ত করে তুলেছে। আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির আহ্বান জোরালো হলেও, তা উপেক্ষা করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

This post was viewed: 210

আরো পড়ুন