গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকার দারিয়াপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক রোস্তম (৩৩) এবং সুন্দরগঞ্জ উপজেলার ছাতনাবাড়ি গ্রামের অটোরিক্সাচালক ফরিদ মিয়া (৪৭)। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরগি পরিবহনকারী একটি পিকআপ ভ্যানের চাকা হঠাৎ ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন।
দুর্ঘটনায় অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।