গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৫ জুন) গভীর রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে ঘর থেকে বের হন ওই তরুণী।
তার গতিবিধির বিষয়ে আগে থেকেই অবগত থাকায় ওত পেতে ছিলেন প্রেমিকের বন্ধুরা। বাঁশঝাড়ের দিকে যাওয়ার পথে তারা তরুণীর মুখ চেপে ধরে জোরপূর্বক একটি নির্জন বিলে নিয়ে যায়।
সেখানে চারজন মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এ সময় তরুণীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করে পুলিশে খবর দেন।
এরপর শনিবার সকালে সাঘাটা থানা পুলিশ আটক তিন যুবক লাবু মিয়া (২৫), নীরব মিয়া (২০) ও বিপ্লব ওরফে ডিপজলকে (২২) গ্রেপ্তার করে। কিন্তু অপর অভিযুক্ত স্বাধীন ব্যাপারী (২২) পালিয়ে যায়।
ভুক্তভোগী তরুণীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাঘাটা থানার ওসি মাহবুবুর রহমান।