গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিস্তৃত মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারী হওয়া যায় না।”
তিনি আরও লেখেন, অতীতে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামীকে গালিগালাজ করেছেন। এখন জামায়াতের সঙ্গে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছেন। তার দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে জামায়াতে ইসলামীকে ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে ভণ্ডামিকারী, মুনাফেকের দল এবং ধর্মের নামে চেতনার ব্যবসা করা দল বলে মন্তব্য করেছিলেন। এছাড়া তিনি জামায়াতের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী বলেও উল্লেখ করেছিলেন বলে দাবি করেন রাশেদ খাঁন।
পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, একটি দল সম্পর্কে এত কথা বলার পর আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা একমাত্র “গাঁজা সেবন করলেই সম্ভব”। তিনি এনসিপিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর “ডোপ টেস্ট ও চিকিৎসা” করানোর আহ্বান জানান।
এছাড়া তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে জামায়াতপন্থী হয়ে গেছেন এবং বিভিন্ন পডকাস্টে নিজেকে শিবিরের “সাথী” হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে ছাত্রজীবনে তাকে বাম রাজনীতি করতে দেখেছেন বলেও উল্লেখ করেন রাশেদ খাঁন।