ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করেও শেষ পর্যন্ত খালি হাতে পালাতে হয়েছে চোরদের। গরুর অস্বাভাবিক ডাক শুনে মালিকের ঘুম ভেঙে যাওয়ায় চোরেরা গরু রেখে পালিয়ে যায়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ঘটনাটি ঘটে বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গয়েশপুর গ্রামে লাভলু শেখের বাড়িতে।
প্রায় ৩ মিনিট ২৪ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি লোহার কাটার দিয়ে গোয়ালঘরের শিকল কেটে ভেতরে প্রবেশ করেন। পরে দরজার ছিটকিনি খোলার সময় শব্দ হলে গোয়ালের গরুগুলো অস্থির হয়ে জোরে ডাকতে শুরু করে। সেই শব্দে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেলে তিনি বাইরে বেরিয়ে আসেন। এ সময় মালিকের ধাওয়া খেয়ে চোর গরু ফেলে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গরুর মালিক লাভলু শেখ বলেন, বাড়ি ও গোয়ালঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। চোরেরা প্রথমে একটি বাছুর টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বাছুরের চিৎকার এবং অন্য গরুগুলোর ডাকে তার ঘুম ভেঙে যায়। পরে পরিবারের সদস্যরা ‘চোর, চোর’ বলে চিৎকার করলে চোরেরা বাছুরটি ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই থানায় অভিযোগ করা হয়নি। তবে শনিবার (২৫ জুলাই) সিসিটিভি ফুটেজসহ স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করবেন।