দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। মৃত চার শিশুই ঢাকা বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (২ মে) সংস্থাটির প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ২১৮ জন। পাশাপাশি সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩২৫ জনে পৌঁছেছে।
এছাড়া হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১১ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৩ হাজার ২২৫ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।