Ridge Bangla

গণভোট ইস্যুতে সরকার ও বিএনপির সমালোচনায় জামায়াত আমির

বর্তমান সরকার ফ্যাসিবাদের পথে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটি অবৈধ এবং এ বিষয়ে কোনো ধরনের ‘ভাঁওতাবাজি’ করা হলে জনগণ তা মেনে নেবে না।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালে গণভোট বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি গণভোটের দাবি গ্রহণ না করে, তাহলে ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতি নিতে হবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ৯১ সালের পরে ক্ষমতায় এসে বোঝেননি কাকে কেয়ারটেকার সরকার বলে। শেষ পর্যন্ত বুঝেছেন ঠিকই। আমরা বলব, জাতির ক্ষতি করে বুঝবেন না, এখনই বুঝুন।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজপথে এভাবে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কায়ে ধাক্কায়ে আমাদেরকে রাজপথের দিকে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে।’

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, সরকার এখন আর ৩১ দফা কিংবা সংস্কারের বিষয়ে কথা বলছে না।

নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী এখন আর ৩১ দফার কথা বলেন না। তারা সংস্কারের কথা বলেন না। সংবিধান সংশোধন কমিশনের নামে এই ধরনের প্রহসন জনগণ মেনে নেবে না। তারা যদি সংবিধান সংস্কার না করে তাহলে আমরা নতুন দাবি উঠাব।’

সরকারের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিশ্রুতিরও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, সরকার ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান নিশ্চিত করার ঘোষণা দিলেও পাঁচ মাসে কতজনের কর্মসংস্থান হয়েছে, সে বিষয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, ‘তারা ছাত্রদলের, যুবদলের চাঁদাবাজি নিশ্চিত করেছেন।’

This post was viewed: 5

আরো পড়ুন