Ridge Bangla

গণভোটে জনসচেতনতা বাড়াতে জেলাভিত্তিক প্রচারণায় উপদেষ্টারা

আসন্ন গণভোট উপলক্ষে দেশজুড়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এই লক্ষ্য বাস্তবায়নে আজ থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় সরাসরি প্রচার কার্যক্রম পরিচালনা করবেন উপদেষ্টারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা আজ থেকে এই প্রচার কার্যক্রমে অংশ নিচ্ছেন, যা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উপদেষ্টারা গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য এবং ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে সাধারণ জনগণকে বিস্তারিতভাবে অবহিত করবেন। পাশাপাশি গণভোটে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ সময় তারা স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। এসব আলোচনার মাধ্যমে গণভোট নিয়ে মানুষের প্রশ্ন, মতামত ও আগ্রহকে গুরুত্ব দেওয়া হবে।

প্রচারণার প্রথম দিনে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

This post was viewed: 18

আরো পড়ুন