Ridge Bangla

‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ অভিযোগ জামায়াতের, রাজধানীতে বিক্ষোভ মিছিল

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলীয় নেতাকর্মীরা বাজেটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, প্রস্তাবিত বাজেট বড় আকারের হলেও এটি ঘাটতি ও ঋণনির্ভর। তার দাবি অনুযায়ী, বাজেটে জনমুখী সংস্কার বা অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।

তিনি আরও অভিযোগ করেন, রাজস্ব আহরণের ক্ষেত্রে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হলেও তা বাস্তবায়নের কার্যকর রূপরেখা নেই। তার মতে, বাজেটে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর করের চাপ বাড়বে, অন্যদিকে ধনীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবে।

হামিদুর রহমান আযাদ বলেন, বাজেটের বড় অংশ পরিচালন ব্যয়, বেতন-ভাতা ও সুদ পরিশোধে ব্যয় হবে, ফলে উন্নয়ন খাতে ভারসাম্য নষ্ট হবে। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচির ঘাটতিও রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

This post was viewed: 3

আরো পড়ুন