Skip to main content

Ridge Bangla

গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে সংস্কারের দায়িত্ব আমাদেরই: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়ার দায়িত্ব তাদেরকেই নিতে হবে।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের সময় রাজপথে “তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প” স্লোগান দেওয়া হয়েছিল। সেই বিকল্প রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, “আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব।” সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তারা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।

সংসদ সদস্য হিসেবে গত পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। তার দাবি, সংসদে তিনি মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন।

তিনি অভিযোগ করেন, আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি হয়েছে। এখন একটি দলের স্থানীয় নেতারা বালু, নদী ও গরু চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের সম্পদ লুটের সংস্কৃতি যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সম্পদ রক্ষায় কোনো আপস করা হবে না।

This post was viewed: 16

আরো পড়ুন