Ridge Bangla

গঠিত হলো বগুড়া সিটি করপোরেশনসহ নতুন ৫টি উপজেলা

দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে বগুড়াকে নতুন সিটি করপোরেশন ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন গঠিত উপজেলাগুলো হলো বগুড়ার ‘মোকামতলা’, কক্সবাজারের ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের ‘চন্দ্রগঞ্জ’।

বৈঠক সূত্রে জানা গেছে, দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া বড় উপজেলাগুলোর প্রশাসনিক চাপ কমাতে কয়েকটি উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠন করা হয়েছে। এর মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদরকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠন করা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন