Skip to main content

Ridge Bangla

গজারিয়ায় ডাস্টবিনের পাশে উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব পেল এক দম্পতি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনসংলগ্ন এলাকা থেকে জীবিত উদ্ধার হওয়া কন্যা নবজাতকের বৈধ অভিভাবকত্ব ভবেরচর ইউনিয়নের রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার দম্পতিকে দেওয়া হয়েছে। শিশুটির নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ বিবেচনায় আইন ও বিধি-বিধান অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৯ জুন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনসংলগ্ন স্থান থেকে নবজাতকটিকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসার পাশাপাশি নবজাতকের নিরাপত্তা ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে।

এর ধারাবাহিকতায় গত ৬ জুলাই জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্ধার হওয়া নবজাতকের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় বৈধ অভিভাবকত্ব দেওয়ার বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

পরে ৯ জুলাই জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যরা এ বিষয়ে তাদের মতামত ও সুপারিশ দেন। এসব সুপারিশের পাশাপাশি শিশুটির নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ বিবেচনা করে রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার দম্পতির কাছে তার বৈধ অভিভাবকত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, অসহায় শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে মানবিক দৃষ্টিভঙ্গি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ শিশুর অধিকার সংরক্ষণ ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার প্রতিফলন।

This post was viewed: 13

আরো পড়ুন