Ridge Bangla

খুলল বিচারের পথ, গুম এখন মানবতাবিরোধী অপরাধ: সংসদে বিল পাস

গুমের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে সংশোধিত আইন পাস করেছে জাতীয় সংসদ। ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ধরনের অপরাধের বিচার করার পথ সুগম হলো।

সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন, যা কণ্ঠভোটে গৃহীত হয়। তিনি জানান, পূর্ববর্তী আইনে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা ছিল না। নতুন সংশোধনের ফলে এ অপরাধের বিচার কার্যক্রম আরও স্পষ্ট ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, গুমের বিচারের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এই আইন তার জবাব দেবে। সংশোধনের মাধ্যমে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের অংশ হিসেবে বিলটি আনা হয়। সংশ্লিষ্টদের মতে, এই পরিবর্তনের ফলে গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার আইনি কাঠামো আরও শক্তিশালী হলো।

This post was viewed: 12

আরো পড়ুন