Ridge Bangla

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত পৌনে ১০টার দিকে নগরের ময়লাপোতা মোড় সংলগ্ন ১৭ তলা হাসপাতাল ভবনের নিচতলায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের সময় ভবনের বিভিন্ন তলায় থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়া ছড়িয়ে পড়ায় অনেকেই নিরাপত্তার জন্য ভবন থেকে নিচে নেমে আসেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওপরের তলার আইসিইউ ও কেবিনের রোগীরা নিরাপদে ছিলেন, তবে সতর্কতামূলকভাবে কয়েকজন রোগীকে ভবনের বাইরে সরিয়ে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিচতলার জেনারেটর কক্ষের দিক থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই তা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেন। হাসপাতাল এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে।

This post was viewed: 1

আরো পড়ুন