খুলনা নগরীর জোড়াগেইট এলাকায় একটি লেদ কারখানা থেকে অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ৩৩/১১ কেভি উপকেন্দ্রের পাশের ওই কারখানায় অভিযান চালানো হয়।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন খুলনা সদরের নজরুল ইসলাম (৫৫), পশ্চিম বানিয়াখামারের রহমাতউল্লাহর ছেলে আগবার আলী (৫৮) এবং বটিয়াঘাটার দারোগাভিটার মৃত আলী আহম্মেদের ছেলে শহিদুল ইসলাম (৪২)।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, কারখানাটি নজরুল ইসলামের মালিকানাধীন। এতে অন্তত ছয় মাস ধরে কার্যক্রম চলছিল। অস্ত্র সরবরাহ সংক্রান্ত তথ্য পাওয়ার পর পুলিশ নজরদারি বাড়ায়।
তিনি আরও জানান, সেখানে সম্পূর্ণ অস্ত্র তৈরি না হলেও ছাঁচের মাধ্যমে অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ প্রস্তুত করা হতো। এসব অংশ পরে অন্য স্থানে পাঠিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হতো, যা একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রমের ইঙ্গিত দেয়। উদ্ধার করা যন্ত্রাংশ দিয়ে প্রায় ৩০টি অস্ত্র তৈরি করা সম্ভব।