পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি হলো দেশব্যাপী খাল খনন কার্যক্রম বাস্তবায়ন। এই কর্মসূচির মাধ্যমে সারাদেশে অবৈধভাবে দখল হওয়া খাল ও জলাশয় পুনরুদ্ধার করা হবে।
বৃহস্পতিবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, খাল খননকে জনস্বার্থে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এতে পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে।
তিনি বলেন, যেসব স্থানে খাল দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে, সেগুলো আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এসব দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কিছু ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হলেও তা সমাধান করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশে দীর্ঘদিন ধরে খাল খনন কার্যক্রম অবহেলিত ছিল, যার ফলে অনেক জায়গায় খাল ভরাট ও দখল হয়ে গেছে। এসব অবৈধ দখল উচ্ছেদ করে খালগুলোকে পুনরায় প্রবাহমান করা হবে।
তিনি দাবি করেন, বর্তমান সরকার নতুন উদ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এতে জনগণ ইতোমধ্যে উপকৃত হচ্ছে।