সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ বিষয় খাল খননকে জনস্বার্থে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এভাবে খাল খননের মাধ্যমে দেশজুড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো সরিয়ে জায়গাগুলোকে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
চাঁদপুর সার্কিট হাউসে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, খাল দখলমুক্ত করতে গিয়ে কিছু ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে। তবে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সহায়তায় এসব সমস্যার সমাধান করা হবে।
তিনি বলেন, দেশের খালগুলো এখনো তাদের নিজস্ব অবস্থানে রয়েছে। কেউ অবৈধভাবে সেখানে স্থাপনা নির্মাণ করে থাকলে তা সরিয়ে নিতে হবে। সরকারের লক্ষ্য হলো নতুন উদ্যমে কাজ করে উন্নত বাংলাদেশ গড়ে তোলা। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।
এ্যানি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি একটি আন্দোলনে রূপ নিয়েছিল। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন এলাকায় খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছেন। এর ফলে দেশজুড়ে সাধারণ মানুষ সুফল পাবে।