Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়াসহ বহু বিশিষ্ট ব্যক্তির নামে সংসদে শোকপ্রস্তাব গৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তি, বিশিষ্ট নাগরিক, বিদেশি ব্যক্তিত্ব এবং প্রয়াত সংসদ সদস্যদের স্মরণে একাধিক শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এসব শোকপ্রস্তাব সংসদে উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংসদে বলা হয়, ২০০৭ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত প্রায় ১৭ বছরে গণতন্ত্র, ন্যায়বিচার মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গুম, রাজনৈতিক সহিংসতা বিভিন্ন ঘটনায় নিহতদের মধ্যে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী সাইফুল ইসলাম হিরুসহ অনেককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শাহরিয়ার খান আনাস, মেহেদী হাসান জুনায়েদ ফারহান ফাইয়াজসহ আরও অনেকের আত্মত্যাগ সংসদে স্মরণ করা হয়।

শোকপ্রস্তাবে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তিনি তিনবার প্রধানমন্ত্রী এবং দুইবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ছিলেন। এছাড়া গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, সংগীতশিল্পী শাফিন আহমেদ, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, অভিনেতা প্রবীর মিত্র, অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমানসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ করা হয়।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতেও সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়। অধিবেশনে সাবেক রাষ্ট্রপতিসহ মোট ৩১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। পরে প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকপ্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

This post was viewed: 20

আরো পড়ুন