Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলন ডাকলো বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে সরাসরি তথ্য ভাগাভাগি করবেন।

বিএনপির মিডিয়া সেলের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনটি দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চলমান চিকিৎসা ও অবস্থার বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতেই এ আয়োজন করা হয়েছে।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন ডা. জাহিদ হোসেন। সেখানে তারা মেডিকেল টিমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল।

উল্লেখ্য, খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যার কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দলের পক্ষ থেকে হাসপাতাল ও চিকিৎসা সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে গণমাধ্যমকে জানিয়ে আসা হচ্ছে।

This post was viewed: 89

আরো পড়ুন