Skip to main content

Ridge Bangla

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে আয়োজিত শোক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (২৩ জুন) প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাঠানো আমন্ত্রণ দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে অনুষ্ঠানে অংশ নেবেন, নাকি ভারতের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল পাঠানো হবে- সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে প্রথম জানাজা ও ৩ দিনের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে খামেনির মরদেহ রাখা হবে, যেখানে সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন।

৬ জুলাই আয়োজন করা হবে রাষ্ট্রীয় শোক শোভাযাত্রা। এ উপলক্ষে তেহরান প্রদেশে সরকারি ছুটি থাকবে।

এরপর ৭ জুলাই ইরানের পবিত্র শহর কোমে আরেক দফা জানাজা, শ্রদ্ধা নিবেদন ও শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে ৯ জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান এবং শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর মাশহাদে আরেকটি জানাজা শেষে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। সেখানে তার বাবার কবরও রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় তার পরিবারের আরও অনেক সদস্য নিহত হন। এ ছাড়া তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও ওই হামলায় আহত হন।

This post was viewed: 9

আরো পড়ুন