Skip to main content

Ridge Bangla

খান স্যারের কোচিং সেন্টারে হামলা, আলোচনায় বাংলাদেশ নিয়ে পুরনো মন্তব্য

ভারতের বিহার রাজ্যের আলোচিত শিক্ষক ও ইউটিউবার ফয়সাল খান, যিনি খান স্যার নামে পরিচিত, তার কোচিং প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত ১০টার দিকে পাটনার কদমকুয়ান এলাকায় অবস্থিত খান গ্লোবাল কোচিং ইনস্টিটিউটে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নিরাপত্তারক্ষী আহত হন।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং প্রাথমিক তদন্তে হামলায় ১৫ থেকে ২০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। হামলাকারীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী কোনো কোচিং প্রতিষ্ঠানের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর খান স্যার অভিযোগ করেন, কম খরচে শিক্ষার্থীদের পড়ানোর কারণে প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানের কয়েকজন ব্যক্তি তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন। তার দাবি, হামলাকারীরা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর পাশাপাশি নিরাপত্তারক্ষীকে মারধর করে এবং গুলিও ছোড়ে।

এদিকে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে খান স্যারের একটি পুরনো ভিডিও, যেখানে তিনি বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে মন্তব্য করেছিলেন।

২০২৫ সালের ১০ এপ্রিল নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই ভিডিওতে রংপুর প্রসঙ্গে খান স্যারকে বলতে শোনা যায়, “আমরা যদি বাংলাদেশের রংপুর নামের জেলাটির দিকে তাকাই- যদি এই রংপুর দখল করে নেওয়া হয়, তবে পুরো সমস্যার সমাধান হয়ে যাবে। যদি আমরা এই এলাকাটি নিয়ন্ত্রণ করি, তবে পথটি চওড়া এবং সমান হয়ে যাবে। আমাদের যাতায়াতে আর কোনো সমস্যা থাকবে না; আমাদের যে সরু ঘাড় (চিকেনস নেক) ছিল, তা চওড়া হয়ে যাবে।”

একই ভিডিওতে চট্টগ্রাম নিয়েও মন্তব্য করেন তিনি। খান স্যার বলেন, “আমাদের ত্রিপুরা রাজ্য থেকে মাত্র ১৫ থেকে ২০ কিলোমিটার পরেই সমুদ্র শুরু হয়ে যায়। আমরা যদি এই সামান্য অংশটুকু দখল করে নিচে নেমে যাই, তবে ত্রিপুরা সরাসরি সমুদ্র পেয়ে যাবে। তাহলে আমরা কেন মেঘালয়কে গ্রেটার মেঘালয় এবং ত্রিপুরাকে ‘গ্রেটার ত্রিপুরা’ বানিয়ে দিচ্ছি না? খেলা খতম। ইন্ডিয়ান আর্মির এই ভূখণ্ডের কোথায় কী আছে সে বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা এবং ধারণা রয়েছে। তারা সহজেই এলাকাটি ঘিরে ফেলতে পারবে। এর ফলে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ বিচ্ছিন্ন হয়ে যাবে। চট্টগ্রাম বিভাগ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন এই এলাকায় বাংলাদেশের প্রশাসনিক নিয়ন্ত্রণও খতম হয়ে যাবে।”

বাংলাদেশ নিয়ে তার ওই বক্তব্য সে সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল।

This post was viewed: 46

আরো পড়ুন