খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৩ যামিনীপাড়া ব্যাটালিয়ন।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) রাত ৩টার দিকে ২ নং তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় বিজিবির টহল দলকে দেখে সশস্ত্র চোরাকারবারীরা পালিয়ে যায়।
তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় এলজি, ১৪ রাউন্ড গুলি, ১ হাজার ৬০০ ভারতীয় রুপি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, উদ্ধার করা মালামাল নিয়ে বিজিবি সদস্যরা বিওপিতে ফেরার সময় চোরাকারবারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুট চিহ্নিত করে সেসব স্থানে নজরদারি ও পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে।