খাগড়াছড়ি সদর উপজেলায় সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। নিহত নিউটন চাকমা (৪৭) সংগঠনটির প্রসীত গ্রুপের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
বুধবার (৮ এপ্রিল) সকালে আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি রাঙামাটির মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে এক সহযোগীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন নিউটন চাকমা। এ সময় অজ্ঞাত পরিচয়ধারী সশস্ত্র একটি দল হঠাৎ গুলি চালায়। হামলার মুখে তার সঙ্গী পালাতে সক্ষম হলেও ঘটনাস্থলেই নিহত হন নিউটন চাকমা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু।
This post was viewed: 30