পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি পুলিশ ফাঁড়িতে ভয়াবহ হামলায় অন্তত ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) রাতে আফগানিস্তান সীমান্তসংলগ্ন হাঙ্গু জেলায় হামলাটি ঘটে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকবোঝাই কোয়াডকপ্টারের মাধ্যমে পুলিশ ফাঁড়িতে আঘাত হানে। এরপর তারা অতর্কিতে হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। এতে ১৫ হামলাকারী নিহত হয়। তবে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
নিহতদের মধ্যে উপপুলিশ সুপার দিয়ার খানও রয়েছেন। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পর তিনি নিহত হন। এ ঘটনায় আহত আরও ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশ কর্মকর্তা মুজাহিদ হোসেন জানান, একপর্যায়ে হামলাকারীরা পুলিশের ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি পুলিশের একটি গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় তারা।
এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সংগঠন স্বীকার করেনি। তবে কয়েক দিন আগে পার্শ্ববর্তী ট্যাংক জেলায় পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান তালেবান, যা টিটিপি নামে পরিচিত।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে দেশটির সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ধারাবাহিকভাবে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। চলতি বছরের শুরুতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার পর সীমান্ত এলাকায় সহিংসতা আরও বেড়েছে।