জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
পোস্টে জয়শঙ্কর বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন।”
তিনি আরও বলেন, “আমাদের যৌথ অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করতে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।”
মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। এ পদে তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করেন।
ভোটে সদস্যরাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে ৯৯টি ভোট পান বাংলাদেশের প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিসের পক্ষে ভোট পড়ে ৯১টি।
এই বিজয়ের মাধ্যমে ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।