যুক্তরাষ্ট্রের আর্লেই বার্ক শ্রেণির একটি যুদ্ধজাহাজের পূর্ণাঙ্গ প্রতিরূপ তৈরি করেছে চীন। জিনজিয়াংয়ের দুর্গম মরুভূমিতে রুওকিয়াং পরীক্ষাকেন্দ্রে নির্মিত এই প্রতিরূপের তথ্য নতুন স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে। রোববার (১২ জুলাই) রয়টার্সের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।
মার্কিন যুদ্ধজাহাজের আদলে তৈরি প্রতিরূপটিকে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করে প্রশিক্ষণ ও পরীক্ষা চালানো হচ্ছে। একই এলাকায় ৬ মিটার প্রশস্ত একটি রেলপথে জাহাজের আকৃতির আরেকটি লক্ষ্যবস্তুও দেখা গেছে।
সমুদ্রে চলমান যুদ্ধজাহাজের গতিবিধি অনুকরণ করার জন্য রেলপথের ওই লক্ষ্যবস্তু তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন নেভাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, রুওকিয়াং পরীক্ষাকেন্দ্রটি আগে থেকেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কাজে ব্যবহার করে আসছে চীন।
প্রতিরক্ষা বিশ্লেষণ প্রতিষ্ঠান অলসোর্স অ্যানালাইসিস জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে মার্কিন যুদ্ধজাহাজের সম্ভাব্য একাধিক প্রতিরূপ ও রেলপথে স্থাপিত লক্ষ্যবস্তুর উপস্থিতি দেখা গেছে। এগুলো ক্ষেপণাস্ত্রের লক্ষ্য শনাক্তকরণ, ট্র্যাকিং এবং আঘাত হানার সক্ষমতা যাচাইয়ে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা প্রতিষ্ঠানটির।
অলসোর্স অ্যানালাইসিস আরও জানিয়েছে, প্রতিরূপ জাহাজগুলোর চারপাশ ও ওপরের অংশে বিভিন্ন সেন্সর বসানো রয়েছে। এসব ব্যবস্থা দেখে বোঝা যায়, স্থাপনাগুলো দীর্ঘমেয়াদে বিভিন্ন ধরনের পরীক্ষা চালানোর জন্য তৈরি করা হয়েছে।
আর্লেই বার্ক শ্রেণির গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম প্রধান অস্ত্র। যুদ্ধজাহাজটি বিমানবাহী রণতরীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দূরপাল্লার হামলা চালাতে ব্যবহৃত হয়।
যুক্তরাষ্ট্রের ৭ম নৌবহরের অধীনে জাপানে থাকা ডেস্ট্রয়ার স্কোয়াড্রন ১৫-তে এই শ্রেণির ১০টি ডেস্ট্রয়ার রয়েছে।