বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য চীনের ১৪০তম ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে, ক্যান্টন ফেয়ার, অংশগ্রহণের ক্ষেত্রে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস।
মঙ্গলবার, ২৮ জুলাই, দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজুতে তিন ধাপে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ আয়োজনে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা রাখা হয়েছে।
দূতাবাস জানায়, ক্যান্টন ফেয়ারের ভিসা আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের শুধু ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিলেই হবে। এটিই ভিসা আবেদনের একমাত্র বাধ্যতামূলক নথি।
তবে ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে অনলাইন আবেদনের সঙ্গে আগের ভিসা, ভ্রমণ রেকর্ড এবং কোম্পানির গ্যারান্টি লেটারের মতো অতিরিক্ত সহায়ক নথি জমা দেওয়ার সুযোগ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন গ্রহণ করা হবে না। প্রয়োজন হলে সংশোধনের জন্য আবেদন ফেরত পাঠানো হতে পারে। এ কারণে ভ্রমণ পরিকল্পনায় জটিলতা এড়াতে আবেদনকারীদের অনলাইন ফর্ম সম্পূর্ণ ও নির্ভুল তথ্য দিয়ে পূরণের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভুয়া বা পরিবর্তিত আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা জাল নথি জমা দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে। এমনকি ভবিষ্যতের ভিসা আবেদনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে দূতাবাস। একই সঙ্গে আবেদনকারীদের নিজেদের ভিসা আবেদনপত্র নিজেরাই পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সেবা প্রদানের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময়সীমা এবং প্রবেশের সংখ্যা সংশ্লিষ্ট বিধি ও আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করবে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’, ‘ভেতরের যোগাযোগ’ কিংবা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতারণামূলক দাবির বিষয়ে আবেদনকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
অভিযোগ বা মতামত জানাতে আবেদনকারীরা চীনা দূতাবাসের নির্ধারিত ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে পারবেন। এছাড়া ঢাকায় চীনা ভিসা আবেদন সেবা কেন্দ্রের হটলাইন নম্বরেও কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।