Skip to main content

Ridge Bangla

কোস্ট গার্ডের অভিযানে ১৭ লাখ টাকার পণ্য জব্দ, আটক ৬

নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চরসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় প্রায় ১৭ লাখ টাকার সার ও খাদ্যপণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ এবং ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) গাংগুরিয়ার চরসংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাসানচরের সদস্যরা। এ সময় একটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল জব্দ করা হয়।

অভিযানে পাচারের কাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয় এবং এতে জড়িত ছয়জনকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা মালামাল, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় এলাকায় চোরাচালান এবং সীমান্তবর্তী জলপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

This post was viewed: 4

আরো পড়ুন