Ridge Bangla

কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না: জামায়াত আমির

নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনোত্তর পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে একটি বিশেষ দলের উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ১১-দলীয় জোটের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, এ ধরনের পরিস্থিতিতে ন্যায় ও সত্যের পথে থেকে কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না। যেখানেই সাধারণ মানুষের ওপর হামলা বা নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, সাধারণ জনগণের পাশে শক্তভাবে দাঁড়ানো মানবতার দাবি এবং দেশপ্রেমের অংশ। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় অবস্থান নিতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।

তিনি আশা প্রকাশ করেন, নেতাকর্মীরা জনগণের পাশে থেকে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

This post was viewed: 17

আরো পড়ুন