Skip to main content

Ridge Bangla

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, কাঁচামালসহ গ্রেপ্তার ৪

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা ট্যাবলেট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৬৮টি তৈরি ইয়াবা, ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডারসদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, ৫টি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন রাজধানীর বংশাল থানার চাঙ্গেরপুল এলাকার মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকার মো. আলী আরমান (৩৬), সাভার থানার মো. শাহজাহান (৪০) এবং আদাবর থানার রিং রোড এলাকার সোনিয়া (৩০)।

শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহা. আসাদুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যেরচর দক্ষিণ বালুচর এলাকায় ইয়াবা তৈরি ও বিক্রির একটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয় এবং বিপুল পরিমাণ ইয়াবা, কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির উপকরণ সংগ্রহ করে নিজেরাই মাদক উৎপাদন করতেন। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আলমগীর ওরফে আন্ডের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে।

উদ্ধার করা ইয়াবা, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‍্যাবকে জানাতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

This post was viewed: 3

আরো পড়ুন