কৃষ্ণ সাগর দিয়ে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ১৮ জুলাই এমভি ওমোরফি নামের বাণিজ্যিক জাহাজটি কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় হামলার শিকার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাটি রাশিয়ার আঞ্চলিক জলসীমায় সংঘটিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
হামলার সময় জাহাজটিতে মোট ১০ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে তিনজন ছিলেন ভারতীয় নাগরিক। মন্ত্রণালয় জানিয়েছে, বাকি দুই ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন।
ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো এবং নিরীহ নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপদ নৌচলাচল ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছে এবং নিহতের পরিবারের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছে।
একই সঙ্গে আন্তর্জাতিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সব পক্ষকে সমুদ্রপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত এবং বৈশ্বিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত।
এর আগে ১৯ জুলাইও একই ধরনের আরেকটি হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের একটি বন্দর ছাড়ার কিছুক্ষণ পর গিনি-বিসাউয়ের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি গোল্ডেন লিও হামলার শিকার হয়। ওই ঘটনায় চারজন ভারতীয় নাবিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ধারাবাহিক এসব হামলার ঘটনায় আন্তর্জাতিক সমুদ্রপথে কর্মরত নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।