Skip to main content

Ridge Bangla

কৃষক কার্ড কর্মসূচিতে ১ হাজার ৬২ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব

প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের পরিকল্পনা করেছে সরকার। এ কর্মসূচির আওতায় দেশের ১০০টি উপজেলায় প্রায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে কৃষি খাতকে আরও শক্তিশালী ও কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কৃষক কার্ডধারী ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা প্রতিবছর একবার ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন। পাশাপাশি কৃষকদের জন্য বিভিন্ন সরকারি সেবা সহজলভ্য করার উদ্যোগও নেওয়া হয়েছে।

সরকারের মতে, কৃষিকে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি খাতে কাঠামোগত পরিবর্তন আনা এবং গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত পয়লা বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কার্যক্রম চালু করা হয়।

This post was viewed: 10

আরো পড়ুন