Ridge Bangla

কুষ্টিয়ার সীমান্তে ১০০ অসহায় পরিবারের পাশে বিজিবি, বিতরণ করা হলো খাদ্যসামগ্রী

মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকার ১০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকার অনেক দিনমজুর, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের মানুষ নিয়মিত কাজ থেকে বঞ্চিত হয়ে খাদ্যসংকটে পড়েছেন। এ পরিস্থিতিতে মানবিক দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের সহায়তায় এগিয়ে এসেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। তিনি উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, দেশের স্বাধীনতা ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনেও বাহিনীটি প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি দুর্যোগকালে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন