Skip to main content

Ridge Bangla

কুষ্টিয়ায় নারীকে আটকে ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে এক নারীকে চার দিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রাফিউজ্জামান রবিনকে (২৪) গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে কৌশলে ছাত্রাবাস থেকে বের হয়ে সাহায্য চাইলে স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গ্রেপ্তার রাফিউজ্জামান রবিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষীখোলা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযুক্ত রবিন কৌশলে ওই নারীকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার একটি বহুতল ভবনের নিচতলার একটি মেসে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, সেখানে গত চার দিন ধরে তাকে জিম্মি করে রাখেন রবিন ও তার সহযোগীরা।

ভুক্তভোগীর অভিযোগ, এই সময় তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণ করা হয়। এছাড়া তার পরিচয় গোপন করতে ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়।

কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, ভুক্তভোগীর ‘হিস্ট্রি অব সেক্সুয়াল অ্যাসাল্ট’ থাকায় তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

This post was viewed: 23

আরো পড়ুন