আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে কুরবানি ব্যবস্থাপনা-সংক্রান্ত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ঘোষণা দেন।
সরকার নির্ধারিত নতুন মূল্যে রাজধানী ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধরা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, কুরবানির চামড়া সংরক্ষণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য সরকারিভাবে সারা দেশে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ সরবরাহ করা হবে।