Ridge Bangla

কুয়েত-বাহরাইনে ইরানের হামলার পর ক্ষয়ক্ষতির তথ্য জানাল যুক্তরাষ্ট্র

টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রের ইরানে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তবে এখন পর্যন্ত এসব হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিরও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (২৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও তাসনিম নিউজ জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, ইরানের নৌ ও বিমানবাহিনী কুয়েতের ‘আলি আল সালেম’ মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামার পোর্ট সালমানে অবস্থিত মার্কিন ‘পঞ্চম নৌবহরকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য, ইরানের পাঁচটি উপকূলীয় স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে।

রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, ইরান বাহরাইন, কুয়েতসহ কয়েকটি প্রতিবেশী দেশের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পাশাপাশি মার্কিন স্থাপনাগুলোতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।

এর আগে টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। একটি বাণিজ্যিক জাহাজে আবারও হামলার ঘটনাকে কেন্দ্র করে এই অভিযান পরিচালনা করা হয়।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্টের নির্দেশে সর্বশেষ এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণকেন্দ্র এবং মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন