Ridge Bangla

কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় ইরানের ড্রোন হামলার অভিযোগ

ইরানের ড্রোন হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে কুয়েত। রোববারের ওই হামলায় দুটি স্থাপনায় আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

কুয়েতি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উপসাগরীয় এই দেশটির বেসামরিক স্থাপনায় টানা তৃতীয় রাতের মতো হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এর আগে শনিবার একটি তেল ডিপো এবং শুক্রবার একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ কেন্দ্রেও হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানায়, ইরানের ড্রোন হামলায় একটি বিদ্যুৎকেন্দ্র ও একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি জেনারেটর ইউনিট পুড়ে গেছে বলেও জানানো হয়।

মন্ত্রণালয়ের দাবি, গত তিন দিনের মধ্যে এটি দ্বিতীয়বার কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার ঘটনা।

এদিকে একই দিনে বাহরাইনের রাজধানী মানামার আশপাশের এলাকাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর রয়েছে। দেশটির সরকারি কর্তৃপক্ষের দাবি, হামলায় বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে সোমবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ভিন্ন দাবি করেছে। বাহিনীটির ভাষ্য, ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে রোববার কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির একাধিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

This post was viewed: 1

আরো পড়ুন