ভারতের অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের ঘটনায় তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, ২০২৫ সালের শুরুতে কুম্ভ মেলার সময় মন্দিরে সংঘটিত সবচেয়ে বড় চুরির ঘটনায় জড়িত ছিলেন ৮ জন, যারা সবাই মন্দিরেই কর্মরত ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, কুম্ভ মেলা শুরুর আগেই অভিযুক্তদের কয়েকজন অনুদানের অর্থ চুরি শুরু করেছিলেন। পরে কুম্ভ মেলার সময় ভক্তদের দানের পরিমাণ বেড়ে গেলে সংঘবদ্ধভাবে বিপুল অর্থ এবং মূল্যবান সামগ্রী আত্মসাৎ করেন তারা।
এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্রা, লাভ কুশ মিশ্রা, মনিশ কুমার যাদব, করুণেম পান্ডে, রামশঙ্কর মিশ্রা, সুভাষ শ্রীবাস্তব এবং রামশঙ্কর যাদব ওরফে তিন্নু যাদব। মঙ্গলবার তাদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
তদন্তে আরও জানা গেছে, গ্রেপ্তার হওয়া ৮ জনের মধ্যে ২ জন সম্পর্কে ভায়রা ভাই। অভিযোগ অনুযায়ী, তারাই সবচেয়ে বেশি অর্থ আত্মসাৎ করেছেন। ওই অর্থ দিয়ে অল্প সময়ের মধ্যেই তারা বিলাসবহুল বাড়ি নির্মাণের পাশাপাশি অন্যান্য সম্পদও গড়ে তুলেছেন।
পুলিশ এখন আত্মসাৎ করা নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের অর্জিত অন্যান্য সম্পদেরও খোঁজ করছে।