কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল রামচন্দ্রপুর বাল্লক এলাকায় অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে ১২ কেজি গাঁজাসহ ওই দুই যুবককে আটক করে।
আটককৃতরা হলেন রামচন্দ্রপুর বাল্লক এলাকার ফুল মিয়ার ছেলে মো. ফাহিম (১৯) ও একই এলাকার আব্দুর রশীদের ছেলে মো. জনি (২২)।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
This post was viewed: 4